হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার, ১৮ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ, ২ এপ্রিল – হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া সিলেটগামী তেলবাহী ট্রেনের বগিগুলো উদ্ধারের পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ ১৮ ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বগিগুলো সরিয়ে রেলপথ মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়। মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী একটি ট্রেন মনতলা স্টেশন অতিক্রম করার সময় ৫টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ৪টি লাইনের পাশে উল্টে যায় এবং ১টি ডোবার পানিতে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে মধ্যরাতে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তেল সংগ্রহ করার হিড়িক পড়ে যায়। পরে তেল লুট ঠেকাতে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন।
হবিগঞ্জ ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ইশতিয়াক মোরশেদ জানান, বিজিবির সদস্যরা নিজস্ব উদ্যোগে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছেন। এর ফলে সরকারি সম্পদের অপচয় রোধ ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, একটি বগি পানিতে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি বগিতে প্রায় ৩৯ হাজার লিটার ডিজেল ছিল। এর মধ্যে কয়েকটি বগি থেকে বেশ কিছু পরিমাণ তেল খোয়া গেছে। রেল যোগাযোগ বন্ধ থাকায় এই রুটের যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের টিকিট ফেরত দিয়ে ফিরে যেতে দেখা যায়। নোয়াপাড়া স্টেশনের যাত্রী সালাউদ্দিন জানান, তিনি ঢাকা যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন কিন্তু হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন।
এস এম/ ২ এপ্রিল ২০২৬









