জাতীয়

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৫ বারের মতো পেছাল

ঢাকা, ১ এপ্রিল – সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও একবার পিছিয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে এই মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৭ মে প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ মোট ১২৫ বার পেছানো হলো।

দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্তের দায়িত্বে ছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব। পরবর্তীতে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটি তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। বর্তমানে পিবিআই এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল এবং আবু সাঈদ। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে মুক্ত থাকলেও বাকিরা এখনো কারাগারে বন্দি রয়েছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

পরদিন সকালে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুরুতে থানা পুলিশ এবং পরে গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে। এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় র‌্যাব এবং সবশেষ পিবিআই মামলাটি তদন্ত করছে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language