জাতীয়

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের ছয় তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

ঢাকা, ১ এপ্রিল – বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে হরমুজ প্রণালি দিয়ে দেশের ছয়টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান সরকার। বুধবার ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি। সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব জাহাজ ওই প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের এই ছয়টি তেলবাহী জাহাজকে চলাচলের বিশেষ অনুমতি প্রদান করে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে জ্বালানি সংকট ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ইরান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন কোনো ধরনের জ্বালানি সংকটের সম্মুখীন না হয়, সেদিকে ইরানের বিশেষ নজর রয়েছে।

এই বন্ধুত্বের নিদর্শনস্বরূপ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখতে ইরান সহযোগিতা করবে। এছাড়াও ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন বলে রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন। সেখানে অবস্থানরত আরও কোনো বাংলাদেশি যদি দেশে ফিরতে চান, তবে ইরান সরকার তাদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language