এশিয়া

সামরিক সক্ষমতা বাড়াতে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করল জাপান

টোকিও, ৩১ মার্চ – সামরিক সক্ষমতা আরও এক ধাপ বাড়াতে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে জাপান। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি উন্নত প্রযুক্তির টাইপ ১২ ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুমামোটো প্রিফেকচারের ক্যাম্প কেনগুন সেনা ঘাঁটিতে স্থাপন করা হয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে জাপান সবচেয়ে জটিল নিরাপত্তা পরিস্থিতির সম্মুখীন।

তাই দেশের সার্বিক প্রতিরোধ ব্যবস্থা ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াতে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এটি জাপানের আত্মরক্ষার ক্ষেত্রে একটি দৃঢ় পদক্ষেপ। নতুন সংস্করণের টাইপ ১২ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার। এর আগের সংস্করণের পাল্লা ছিল মাত্র ২০০ কিলোমিটার। পাল্লা বৃদ্ধির ফলে এই ক্ষেপণাস্ত্র এখন চীনের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। এই দূরপাল্লার অস্ত্র মোতায়েনের মাধ্যমে জাপান এখন দূর থেকেই শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে।

বিশ্লেষকদের মতে, জাপানের দীর্ঘদিনের আত্মরক্ষাভিত্তিক নীতি থেকে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন। অন্যদিকে আবাসিক এলাকার কাছাকাছি এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্র মোতায়েনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ক্যাম্প কেনগুন সেনা ঘাঁটির বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের আশঙ্কা, এই ক্ষেপণাস্ত্র স্থাপনের ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তাদের এলাকা শত্রুদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। দক্ষিণ পশ্চিমের দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিতে জাপান ক্রমান্বয়ে সেখানে আরও উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে যাচ্ছে।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language