যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে বসাতে চীনের সমর্থন চাইছে পাকিস্তান

ওয়াশিংটন, ৩০ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি আলোচনার টেবিলে আনার লক্ষ্যে মধ্যস্থতা করতে চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সফরের অংশ হিসেবে বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয়ে তার বৈঠক করার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতির মধ্যে ইসলামাবাদ যখন তেহরান ও ওয়াশিংটনকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। গত এক সপ্তাহ ধরে ইসহাক দার সৌদি আরব, তুরস্ক এবং মিশরের সঙ্গে মিলে একটি চারপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি সংলাপের ব্যবস্থা করা।
আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের এই উদ্যোগ ইতিমধ্যে চীনের প্রকাশ্য সমর্থন লাভ করেছে। সাম্প্রতিক আলোচনার পর ইসহাক দার পুনরায় নিশ্চিত করেছেন যে, ইসলামাবাদে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজনে পাকিস্তানের এই প্রচেষ্টাকে চীন পূর্ণ সমর্থন দিচ্ছে।
এ এম/ ৩০ মার্চ ২০২৬









