জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৩০ মার্চ – প্রথমবারের মতো সরকারি উদ্যোগে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের নিয়মিত বেতনের আওতায় আনা হচ্ছে। সোমবার সকালে তেজগাঁওস্থ নিজ কার্যালয়ে এই যুগান্তকারী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। প্রাথমিক পর্যায়ে মোট ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে।
সরকার জানিয়েছে, বেতনের পাশাপাশি এসব খেলোয়াড়কে বিশেষ সম্মাননাও প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্তত ৫০০ জন ক্রীড়াবিদকে এই কাঠামোর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এই সুবিধা ধরে রাখতে হলে ক্রীড়াবিদদের ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করতে হবে।
নিয়ম অনুযায়ী প্রতি চার মাস পরপর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। মান ধরে রাখতে সক্ষম হলে তারা নিয়মিত বেতন পাবেন, অন্যথায় তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি থাকবে।
সবার জন্য সমান বেতনের কাঠামো নির্ধারণ করা হলেও অর্থের সুনির্দিষ্ট পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
এনএন/ ৩০ মার্চ ২০২৬









