দুর্নীতি রুখে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ২৯ মার্চ – দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের সড়কপথ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে সংসদ অধিবেশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোতে ভয়াবহ দুর্নীতি করা হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়েও অনেক উপদেষ্টা নিজ নিজ এলাকার উন্নয়নে পক্ষপাতমূলকভাবে অর্থ বরাদ্দ নিয়েছিলেন। এই সময় তিনি উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার কথা স্মরণ করেন। তিনি জানান, অতীতে বিভিন্ন সরকারের সময়ে উত্তরাঞ্চল উন্নয়নের দিক থেকে বারবার অবহেলিত হয়েছে। বর্তমান সরকার এই বৈষম্য দূর করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।
বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর সরকার জোর দিচ্ছে, যাতে সাধারণ মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে। আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে মন্ত্রী নিশ্চিত করেন।
এস এম/ ২৯ মার্চ ২০২৬









