ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা, ২৯ মার্চ – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। রবিবার সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এই সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন সমাজকল্যাণ মন্ত্রী। তিনি জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে এবং তারা প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী, যা প্রতিটি পরিবারের নারী প্রধানের জন্য নাগরিক হিসেবে সম্মানজনক স্বীকৃতি হবে।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধি জ্যাঁ পেসমে মন্ত্রী জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে অভিনন্দন জানান। তিনি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার উদ্যোগটিকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বৈঠকে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের টেকসই বাস্তবায়নে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করে।
এস এম/ ২৯ মার্চ ২০২৬









