রাঙ্গামাটি

র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মো. আহসান হাবীব পলাশ

রাঙামাটি, ২৮ মার্চ – র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দ্বাদশ মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। শনিবার তিনি এই নতুন দায়িত্বের ভার বুঝে নেন। মো. আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

এরপর তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪ এপিবিএন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ছাড়াও রাঙামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দপ্তরেও তিনি প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে তিনি শান্তিরক্ষী হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। বাংলাদেশ পুলিশে তার অনন্য সেবার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম সেবা) পদকে ভূষিত হয়েছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং মালয়েশিয়া থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এ এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language