ইসরায়েলে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ বার্তা

তেল আবিব, ২৮ মার্চ – ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানের ক্ষেপণাস্ত্রে লেখা রয়েছে ‘ধন্যবাদ ভারতের জনগণ’। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমন কিছু ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের গায়ে নীল কালিতে ইংরেজিতে ‘থ্যাঙ্ক ইউ পিপল অব ইন্ডিয়া’ লেখা ছিল। শুধু ভারতের জনগণই নয়, জার্মানি, স্পেন এবং পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানিয়েও বার্তা লেখা হয়েছে। জানা গেছে, এসব দেশের সাধারণ মানুষ ইরানের প্রতি যে সহানুভূতি দেখিয়েছে, তার স্বীকৃতিস্বরূপ এই বার্তা লেখা হয়।
শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ৮৩তম ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করে ইরান। প্রতিটি ক্ষেপণাস্ত্রের গায়ে নীল কালিতে ওই দেশগুলোর জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ইসরায়েলের আশদোদ শহরের জ্বালানি তেলের ডিপো, মোদিন শহরের সামরিক স্থাপনা এবং সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিলিটারি ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
চলমান এই সংঘাতে ইরানকে খাবার এবং ওষুধ দিয়ে সহায়তা করছে ভারত। এ ছাড়া ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের বাসিন্দারা ইরানের সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে তহবিল সংগ্রহ করে দূতাবাসে জমা দিয়েছেন। এমনকি অনেক নারী তাদের স্বর্ণালংকারও দান করেছেন। ভারতের ইরানি দূতাবাস অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে এই সহায়তা গ্রহণ করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় জনগণের এই আন্তরিক সহায়তার কথা ইরান কখনো ভুলবে না।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









