চট্টগ্রাম

সীতাকুণ্ডে খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ২৩টি গবাদিপশু

সীতাকুণ্ড, ২৮ মার্চ – চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গরুর খামার ও আশপাশের কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে একটি খামারের ২৩টি গবাদিপশু জীবন্ত পুড়ে মারা গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান। খামারটির নাম মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম।

এর মালিক হাবিবুর রহমান জানান, খামারে মোট ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত খামারে ছড়িয়ে পড়ে। তিনি কোনোমতে একটি গরু উদ্ধার করতে সক্ষম হলেও বাকি পশুগুলো আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। খামার মালিকের অভিযোগ, অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেড় ঘণ্টার বেশি সময় পার করে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা নিজস্ব চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। এরপর সত্যতা যাচাই করে তাদের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়। তবে ঘটনাস্থল প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় তাদের পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও ঘটনাস্থলে কোনো সিলিন্ডারের অস্তিত্ব পাওয়া যায়নি।

এস এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language