দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা, ২৮ মার্চ – পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রোববার ২৯ মার্চ থেকে পুনরায় খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার তাদের চিরচেনা শ্রেণিকক্ষে ফিরতে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রে মিলিয়ে কলেজগুলোতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে একটানা ছুটি শুরু হয়েছিল। এই ছুটি ২৫ মার্চ পর্যন্ত চলার কথা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং এরপর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আরও দীর্ঘ হয়।
একইভাবে দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি পালিত হয়েছে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গত ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়ে একই দিনে শেষ হয়েছে। এর ফলে রোববার থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আবারও পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এদিকে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও নিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম চালু রাখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের নির্ধারিত পাঠপরিকল্পনা যথাসময়ে সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









