জাতীয়

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আন্তর্জাতিকভাবে প্রমাণিত: সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ২৭ মার্চ – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, মেজর জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণার বিষয়টি দালিলিক ও আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ তা বরাবরই অস্বীকার করে আসছে। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন রাজারবাগসহ বিভিন্ন স্থানে বর্বরোচিত গণহত্যা শুরু করে, ঠিক তখনই চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ করে স্বাধীনতার ডাক দেন। তার ঘোষণার মধ্য দিয়েই যে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত সত্য। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার দীর্ঘ সময় ধরে স্বাধীনতার মনগড়া ইতিহাস ও মিথ্যা বয়ান তৈরি করেছে। তারা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রকৃত ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে এবং সবকিছুকে কেবল একক ব্যক্তির কৃতিত্ব হিসেবে তুলে ধরেছে।

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কাউকে সম্মান দিতে রাজি নয়। তবে বিএনপি সবার অবদানের যথাযথ স্বীকৃতি দিতে বিশ্বাসী এবং কারও সম্মান কেড়ে নিতে চায় না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বহুদলীয় সংসদীয় রাজনীতি প্রবর্তনে বিএনপির অনন্য অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছিল, তা জাতীয় ইতিহাসের এক অত্যন্ত উজ্জ্বল অধ্যায়। ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলনে বিএনপি সবসময়ই আপসহীন ও সাহসী নেতৃত্ব দিয়ে এসেছে।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language