দক্ষিণ এশিয়া

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

কাঠমুন্ডু, ২৭ মার্চ – নেপালে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই বিজয়ের পর দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। গত বছরের সেপ্টেম্বরে এক গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকারের পতন ঘটে। এরপর অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন দল আরএসপি প্রায় দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে। পঁয়ত্রিশ বছর বয়সী এই তরুণ নেতা জনসাধারণের কাছে বালেন নামেই সমধিক পরিচিত।

শুক্রবার সংবিধানের ৭৬ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। কাঠমান্ডুতে জন্মগ্রহণ করলেও বালেন্দ্র শাহের পরিবার মূলত নেপালের ভারত সীমান্তবর্তী তরাই অঞ্চলের বাসিন্দা। নেপালি সমাজে ধর্ম ও জ্যোতিষশাস্ত্রের গভীর প্রভাব রয়েছে। দেশটির বিপুল সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় যেকোনো নতুন বা শুভ কাজ শুরুর ক্ষেত্রে ধর্মীয় আচার মেনে চলেন। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের উপস্থিতিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রী শপথ নেন। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী শঙ্খনাদ এবং হিন্দু পুরোহিত ও বৌদ্ধ লামাদের মন্ত্রপাঠের মাধ্যমে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বালেন্দ্র শাহ পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি একজন র‍্যাপ শিল্পী হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গত সেপ্টেম্বরে দুর্নীতির প্রতিবাদ, বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে নেপালের তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি ঐতিহাসিক আন্দোলন সংঘটিত হয়। সেই আন্দোলনে তিনি সরাসরি মাঠে না থাকলেও জেন জি প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

এই তীব্র গণআন্দোলনের মুখে ৯ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বর্তমান প্রেক্ষাপটে বালেন্দ্র শাহ এমন একটি সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন যার মূল লক্ষ্য হবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমন করা। একইসঙ্গে দুর্নীতি দমন এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মতো কঠিন চ্যালেঞ্জও তাকে মোকাবিলা করতে হবে।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language