নারায়নগঞ্জ

রূপগঞ্জে গরুর মাংস বলে বিক্রির জন্য জবাই করা হলো ৯ ঘোড়া, জীবিত উদ্ধার ১১টি

নারায়ণগঞ্জ, ২৭ মার্চ – নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৯টি জবাই করা এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করেছেন। শুক্রবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি প্লট থেকে এসব ঘোড়া উদ্ধার করা হয়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, অসাধু ব্যবসায়ীদের একটি চক্র পূর্বাচল ১০ নম্বর সেক্টর এলাকার একটি প্লটে ২০টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে। এর মধ্যে তারা ৯টি ঘোড়া জবাই করে ফেলে। শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশের হটলাইন ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, এই চক্রটি পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে। এরপর সেই মাংস গরুর মাংস বলে উপজেলার বিভিন্ন দোকানে কম দামে বিক্রি করে আসছিল। সাধারণ মানুষ না বুঝে এই মাংস কিনে প্রতারিত হচ্ছিলেন। জড়িত অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language