ঢালিউড

শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু সভাপতি ও জয় চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

ঢাকা, ৪ জুলাই – বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন অভিনেতা জয় চৌধুরী।

শুক্রবার দিনভর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণের পর শনিবার ভোরে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৭টি ব্যালট বাতিল বলে গণ্য করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী যেখানে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ইলিয়াস কোবরা ও ডিএ তায়েব নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির বিজয়ী হন।

এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল জয়লাভ করেন। কার্যনির্বাহী সদস্য পদে আলী রাজ, কাবিলা ও কায়েস আরজুসহ মোট ১১ জন নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এই কমিটির কাছে শিল্পীদের অধিকার রক্ষা ও চলচ্চিত্রের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language