উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজার, ২৭ মার্চ – কক্সবাজারের উখিয়া উপজেলা সংলগ্ন মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী বিওপি এলাকার বিপরীতে নাফ নদের কাছাকাছি চাকমাকাটা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বিআরএম ১৯ পিলারের প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পালংখালী বিওপি থেকে আনুমানিক দুই কিলোমিটার উত্তর পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে এই বিস্ফোরণ ঘটে।
আহত যুবকের নাম মোহাম্মদ শহিদ। ২৬ বছর বয়সী এই যুবক উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫ এ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মিয়া হাসান। মিয়ানমারের ভেতরে আগে থেকে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনের ওপর পা পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে শহিদের একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ওই যুবক কোনোভাবে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে ল্যান্ডমাইন বিস্ফোরণে মারাত্মক আহত হওয়ার পর তিনি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় চলে আসেন। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এনএন/ ২৭ মার্চ ২০২৬









