দক্ষিণ এশিয়া

অন্ধ্রপ্রদেশে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আগুন, দগ্ধ হয়ে নিহত অন্তত ১৪

কলকাতা, ২৬ মার্চ – ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই লরির মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে গেলে দগ্ধ হয়ে অন্তত ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে রাজ্যের মারকাপুরাম জেলার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, বৃহস্পতিবার ভোরের দিকে যাত্রীবাহী ওই বাসটি তেলেঙ্গানার জাগিট্যাল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কালিগিরির উদ্দেশে যাত্রা করছিল।

পথিমধ্যে মারকাপুরম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সাথে এর তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের সাথে সাথেই বাসটিতে আগুন ধরে যায় এবং বেশিরভাগ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। অগ্নিদগ্ধ বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় আহত ট্রাকচালককেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী আগুনে পুড়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মারকাপুরাম জেলার পুলিশ সুপার ভি হর্ষবর্ধন রাজু জানান, উদ্ধারকৃত ২৩ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আহতদের সর্বোচ্চ ও সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language