জাতীয়

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, ২৬ মার্চ – বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ শুরু হয়।

কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। এছাড়া অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা অংশ নিয়েছেন। একই সঙ্গে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও কুচকাওয়াজে অংশ নিয়েছেন।

ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। শুরুতে তিনি উপ-অধিনায়কের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রাসহ প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইভাবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা।

এদিকে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে সকাল থেকেই প্যারেড গ্রাউন্ডে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের হাজারো দর্শনার্থী জড়ো হন। তাদের বসার জন্য প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা করা হয়। অনেক দর্শনার্থীর হাতে ও মাথায় জাতীয় পতাকা দেখা যায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে এই কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে।

২০০৮ সালের পর এবার ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় আবার এই প্রদর্শনী যুক্ত হলো। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়েও কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল। তবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আয়োজনের মধ্যে এটি থাকত।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকভাবে এই আয়োজন করার জন্য রমজানের শুরু থেকেই প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি নেওয়া হয় এবং গত মঙ্গলবার চূড়ান্ত রিহার্সেলের মাধ্যমে সেই প্রস্তুতি শেষ করা হয়েছে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language