দাসত্ব ও নিপীড়ন নির্মূলে জোরালো বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

ঢাকা, ২৬ মার্চ – দাসত্ব এবং সব ধরনের নিপীড়ন নির্মূল করতে জোরালো বৈশ্বিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স আটলান্টিক দাসবাণিজ্যের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক স্মারক সভায় এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি দাসত্ব এবং ট্রান্স আটলান্টিক দাসবাণিজ্যের লাখো শিকারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রাম করা সাহসী মানুষের অদম্য মানসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
ড. রহমান উল্লেখ করেন যে ট্রান্স আটলান্টিক দাসবাণিজ্য মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। দাসত্ব, বর্ণবাদ, গণহত্যা এবং যেকোনো নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন। তিনি জানান দেশের সংবিধানে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণবাদ ও বৈষম্যকে কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এবং শোষিত মানুষের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে। ১৯২৬ সালের দাসত্ব সংক্রান্ত কনভেনশন এবং প্রায় আশি বছর আগে গৃহীত মানবাধিকার সনদের কথা উল্লেখ করে তিনি বলেন দাসত্ব গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকৃত।
আনুষ্ঠানিকভাবে দাসত্ব বিলুপ্ত হলেও বর্তমান সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোয় এর নেতিবাচক প্রভাব আজও রয়ে গেছে। মানব পাচার প্রতিরোধ, ডিজিটাল ফরেনসিক সমন্বয় বৃদ্ধি এবং দাসবাণিজ্যের অমানবিক ক্ষতির বিষয়ে শিক্ষা ও সংলাপে বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী। পরিশেষে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এমন একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান যেখানে দাসত্ব, বৈষম্য বা অন্যায়ের কোনো অস্তিত্ব থাকবে না এবং সবার জন্য মানবিক মর্যাদা নিশ্চিত হবে।
এস এম/ ২৬ মার্চ ২০২৬









