সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক

চট্টগ্রাম, ২৬ মার্চ – চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ও কুমিরা সংলগ্ন এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করেই ট্রেনের দুটি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। প্রাণভয়ে অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে সকালে ট্রেনটির পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
এনএন/ ২৬ মার্চ ২০২৬









