রাজবাড়ী

দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২০, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ী, ২৬ মার্চ – রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। উদ্ধারকৃত সকল মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ হামজা এবং ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আবহাওয়া প্রতিকূল থাকলেও শেষ পর্যন্ত বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়েছে।

নৌপরিবহন এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান রাত ১টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রথমে ১৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিলেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে এনডিসি মোট ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের আরেকটি কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

মরদেহগুলো শনাক্তের পর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দাফনের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা প্রদান করা হবে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিকভাবে উদ্ধারকাজের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

নিখোঁজদের স্বজনদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ঘটনাস্থলে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করছেন।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language