জাতীয়

বারবার স্বৈরাচার চাপিয়ে দেওয়া হলেও দেশের মানুষ পরাজয় মানেনি: নাহিদ ইসলাম

ঢাকা, ২৫ মার্চ – গণতন্ত্রের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে জাতির ওপর বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের অন্ধকার শাসন চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রকে দুর্বল করে বিদেশি শক্তির কাছে নতজানু করার অপচেষ্টা হলেও এই ভূখণ্ডের মানুষ কখনো পরাজয় মেনে নেয়নি।

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম তার বাণীতে উল্লেখ করেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও নির্যাতিত বীরাঙ্গনাদের স্মরণ করে তিনি বলেন, তাদের ত্যাগ ও সাহস জাতীয় ইতিহাসকে আরও মহিমান্বিত করেছে।

স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তিতে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মদানের বিনিময়ে জাতি স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে এবং গণতান্ত্রিক অধিকার ও জাতীয় আত্মমর্যাদা ফিরে এসেছে। ১৯৭১ সালের স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের অর্জন ছিল না, এটি ছিল ন্যায়, সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র গঠনের অঙ্গীকার। এত বছর পরও সেই অঙ্গীকার পূর্ণ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে তিনি মনে করেন।

শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে একটি আধুনিক, উন্নত ও মানবিক বাংলাদেশের পথে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সত্যিকারের আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায়, সাহস ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। পরিশেষে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এনএন/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language