শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে আন্তমন্ত্রণালয় কমিটি গঠন, ৫ জরুরি নির্দেশনা

ঢাকা, ২৫ মার্চ – দেশের সব শহর ও গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই কমিটির কার্যপরিধি অনুযায়ী আসন্ন ২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই সার্বিক পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বছরজুড়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি সুনির্দিষ্ট নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সম্পূর্ণ পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং প্রতিদিন প্রতিষ্ঠান পরিষ্কার রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করা। এছাড়া প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language