জাতীয়

মার্চের ২৩ দিনেই দেশে রেমিট্যান্স এল ২৮৩ কোটি ডলার

ঢাকা, ২৪ মার্চ – চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ২৮২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

গত বছরের মার্চ মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। সেই হিসেবে এবার একই সময়ে ১৯ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৩৭৯ কোটি টাকা বেশি এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহ বেশ ইতিবাচক ছিল।

ওই মাসে দেশে ৩০২ কোটি বা ৩ দশমিক ২ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান। গত বছরের ফেব্রুয়ারিতে আসা ২৫২ কোটি ডলারের তুলনায় এই পরিমাণ ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।

এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ সার্বিকভাবে এই অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language