ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা, হোটেল-মোটেল শতভাগ বুকিং

কুয়াকাটা, ২৪ মার্চ – ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা। সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু করে তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকি পল্লি, ঝাউবাগান এবং গঙ্গামতিসহ সব দর্শনীয় স্থানে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে আগত দর্শনার্থীরা আনন্দে সময় পার করছেন। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালি আর বালিয়াড়িতে খেলায় মেতে উঠেছেন অনেকেই। আবার কেউ কেউ সৈকতের বেঞ্চে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন।
পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে কুয়াকাটার অধিকাংশ হোটেল ও মোটেল শতভাগ বুকিং হয়ে গেছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত এই ভিড় অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। পর্যটকদের ব্যাপক উপস্থিতির কারণে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। কুয়াকাটায় আগত পর্যটক তানিম জানান, একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ কেবল এখানেই মেলে যা সত্যিই মনোমুগ্ধকর। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে এসে সমুদ্রের বিশালতায় তিনি মুগ্ধ।
আরেক পর্যটক তুহিন বন্ধুদের নিয়ে প্রথমবারের মতো এখানে এসেছেন। দর্শনীয় স্থানগুলো ঘুরে তাদের ভালো লাগলেও হোটেল ভাড়া এবং খাবারের অতিরিক্ত দাম নিয়ে তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা বা টোয়াক এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ জানান, ঈদের ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। পর্যটকদের এই ধারাবাহিক উপস্থিতি বজায় থাকলে ব্যবসায়ীরা তাদের অতীতের লোকসান কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন যে, আগত বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা বিধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









