যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে নিহত শিশুর সংখ্যা বেড়ে ২০৮

তেহরান, ২৪ মার্চ – যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ২০৮ জন শিশু নিহত হয়েছে। ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান নিহত শিশুদের মধ্যে ১৬৮ জনই যুদ্ধের শুরুতে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারায়।
মর্মান্তিক এই পরিসংখ্যানে আরও দেখা যায় নিহতদের মধ্যে ১৩ জনের বয়স পাঁচ বছরের নিচে। এর মধ্যে সর্বকনিষ্ঠ শিশুটির বয়স ছিল মাত্র তিন দিন। ইরান সরকারের দেওয়া হিসাব অনুযায়ী দেশজুড়ে এ পর্যন্ত দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে আধা সরকারি বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক বিবৃতিতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরকান্দি জানিয়েছেন গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৩১৮টি স্বাস্থ্য চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব স্থাপনার মধ্যে রয়েছে ৪৯টি জরুরি সেবা কেন্দ্র ১৮৬টি স্বাস্থ্য কেন্দ্র এবং ৪০টি হাসপাতাল। তিনি আরও উল্লেখ করেন ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর মধ্যে অন্তত ১২টি বর্তমানে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ধ্বংস বা অকেজো হয়ে গেছে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









