কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তে ৬৬ জনের মরদেহ উদ্ধার

লিমা, ২৪ মার্চ – দক্ষিণ আমেরিকার দেশ পেরু সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কলম্বিয়া সরকারের দেওয়া তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই খবর প্রকাশ করেছে। জানা গেছে, লকহিড মার্টিনের হারকিউলিস সি-ওয়ান থার্টি মডেলের ওই বিমানটিতে ১২৫ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনাসদস্য এবং জাতীয় পুলিশের ২ জন কর্মকর্তা ছিলেন।
দুর্ঘটনার পর এখন পর্যন্ত অর্ধশতাধিক আরোহীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তাদের অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। নিখোঁজ আরোহীদের সন্ধানে জোর উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বাহিনী। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে বিষয়টি নিয়ে এরই মধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









