রাজবাড়ী

রাজবাড়ীতে পাম্পে সিরিয়াল ভাঙা নিয়ে সংঘর্ষ, আহত দুই

রাজবাড়ী, ২৪ মার্চ – রাজবাড়ীর কালুখালী উপজেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার মোহনপুর এলাকায় অবস্থিত শেখ ফিলিং স্টেশনে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শেখ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। অপেক্ষমাণ চালকদের মধ্যে কয়েকজন সিরিয়াল অতিক্রম করে আগে তেল নেওয়ার চেষ্টা করলে বিতর্কের সূত্রপাত হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে উপস্থিত অন্যান্য ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে পাম্পে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উপস্থিত কয়েকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এ সময় এক যুবকের হাতে থাকা চাবির রিংয়ের আঘাতে আরেকজনের মাথা সামান্য কেটে রক্তপাত হয়। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত একটি পক্ষ ওই পাম্প মালিকের আত্মীয়।

পরে পাম্প কর্তৃপক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে নিজেদের মধ্যে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করে নেন। এ ঘটনায় থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language