মধ্যপ্রাচ্য

ট্রাম্পের সঙ্গে সংলাপে বসতে ইরানের প্রেসিডেন্টকে শেহবাজ শরিফের আহ্বান

ইসলামাবাদ, ২৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে ঈদুল ফিতর এবং ইরানের জাতীয় উৎসব নওরোজের শুভেচ্ছা জানাতে গত রোববার পেজেশকিয়ানকে টেলিফোন করেন শেহবাজ। এই ফোনালাপের সময় তিনি এই পরামর্শ দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানায় দুই নেতার ফোনালাপ ছিল অত্যন্ত উষ্ণ এবং আন্তরিক। ইরানের প্রেসিডেন্ট তার দেশের জনগণের পক্ষ থেকে পাকিস্তানের জনসাধারণকে ঈদুল ফিতর এবং নওরোজের শুভেচ্ছা জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাকিস্তানের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফোনালাপে শেহবাজ শরিফ চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণ উত্তেজনা নিরসন এবং মতপার্থক্য দূর করতে সংলাপ ও কূটনীতির পথ বেছে নেওয়ার জোরদার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে পাকিস্তান তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

প্রসঙ্গত পাকিস্তান ও ইরানের মধ্যে দীর্ঘ সীমান্ত এবং চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে। পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টানাপোড়েন চলছে।

সম্প্রতি এই মতপার্থক্য দূর করতে মার্কিন ও ইরানি প্রতিনিধিরা বৈঠকে বসলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language