ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস, সময়সূচি সকাল ৯টা থেকে ৫টা

ঢাকা, ২৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলল সরকারি অফিস। রমজান মাসের পরিবর্তিত সময়সূচির পরিবর্তে এখন থেকে আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। রমজান মাসে অফিস চলেছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
গত ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এর আগে ১৭ মার্চ থেকে শুরু হয় সরকারি ছুটি এবং ১৬ মার্চ ছিল ঈদের আগের শেষ কর্মদিবস।
সোমবার টানা সাত দিনের ছুটি শেষ হওয়ায় জীবিকার তাগিদে অনেকেই গ্রাম থেকে বাস, লঞ্চ ও ট্রেনে করে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন।
মঙ্গলবার সরকারি দপ্তরের পাশাপাশি উচ্চ ও নিম্ন আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারও খুলেছে। তবে মঙ্গল ও বুধবার অফিস খোলা থাকলেও আগামী বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি রয়েছে।
এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ফের বন্ধ থাকবে অফিস। এ কারণে অনেক কর্মকর্তা ও কর্মচারী মঙ্গল এবং বুধবার ঐচ্ছিক ছুটি নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে আগামী ২৯ মার্চ রোববার থেকে পুরোদমে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। আপাতত অফিস খুললেও এই দুই দিন উপস্থিতি অনেকটাই কম থাকতে পারে।
উল্লেখ্য, এবার ১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ঈদের পাঁচ দিনের ছুটির মাঝে ১৮ মার্চ একদিন অফিস খোলা ছিল। তবে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার লক্ষ্যে সরকার ওই দিনটিকেও সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করে। ফলে চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটির সুযোগ পান।
এনএন/ ২৪ মার্চ ২০২৬









