তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে জোরালো বিস্ফোরণ, নিহতের সংখ্যা ছাড়াল ১৫শ

তেহরান, ২৩ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত টানা ২৪ দিনে গড়িয়েছে। চলমান এই যুদ্ধের ২৪তম দিনে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পাশাপাশি পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে ইরানের আরও অনেক শহর হামলার শিকার হচ্ছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইসফাহান, কারাজ ও আহভাজ শহরেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার শিকার হয়েছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে।
এসব স্থাপনার মধ্যে হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান ও রেড ক্রিসেন্টের নিজস্ব কার্যালয়ও রয়েছে। অনেক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানে চলমান এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হামলার ব্যাপকতা বিবেচনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬









