মধ্যপ্রাচ্য

ইসরায়েলের আরাদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৯

তেল আবিব, ২২ মার্চ – ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এই ঘটনার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আরাদ শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় এই হতাহতের ঘটনা ঘটে। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলায় মোট ৫৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ প্রায় ৭০ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছিল। আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলার পর ইসরায়েলের অগ্নিনির্বাপণ সেবা বিভাগ এক বিবৃতিতে জানায়, আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হেনেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলাকবলিত স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা কেন মাঝপথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে ব্যর্থ হলো, তা নিয়ে তদন্ত শুরু করবে ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আরুতজ শেভা জানিয়েছে, আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপরই সেটি আরাদ শহরে সরাসরি আঘাত হানে।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language