মুক্ত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ ভিন্ন মাত্রা পেয়েছে আমির খসরু

উত্তর কাট্টলী, ২১ মার্চ – অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদের ভ্রাতৃত্ব এবং ভালোবাসা সমাজে অবিরতভাবে চলতে থাকবে।
তিনি উল্লেখ করেন, বর্তমান পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ কিছুটা ভিন্ন মাত্রা পেয়েছে। এখন দেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং নিজেদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে ভোগ করছে।
শনিবার সকালে নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে অবস্থিত নিজ বাড়ির পাশের দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী মনে করেন, মানুষ মুক্ত পরিবেশ না পেলে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে না।
তিনি জানান, দেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশ মানুষের সেই মুক্ত আনন্দ নিশ্চিত করেছে। সবার গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় সমাজ থেকে ভয়ের পরিবেশ দূর হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণি এবং পেশার মানুষ এখন এক ভিন্ন এবং ইতিবাচক পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করছে। সবাই যেভাবে বর্তমানে ঈদের আনন্দ উপভোগ করছে, ভবিষ্যতেও যেন এই ধারা অব্যাহত থাকে, সেই আশাবাদ ব্যক্ত করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।
এ এম/ ২১ মার্চ ২০২৬









