ঈদুল ফিতরে করণীয়: ঈদের দিনের সুন্নত ও আমলগুলো জেনে নিন

রমজান মাসের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের জন্য এই দিনটি একই সঙ্গে আনন্দ, উৎসব ও আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্তির। ঈদের দিনে বেশ কিছু সুন্নত ও আমল রয়েছে, যা পালন করা অত্যন্ত ফজিলতপূর্ণ।
ঈদের দিন সকালে দ্রুত ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজ আদায় করা গুরুত্বপূর্ণ আমল। এরপর ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার আগে গোসল করা মুস্তাহাব, যা সাহাবায়ে কেরাম নিষ্ঠার সঙ্গে পালন করতেন। পাশাপাশি মিষ্টিজাতীয় খাবার, বিশেষ করে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়া রাসুলুল্লাহ (সা.) এর সুন্নত।
এছাড়া পরিবারের ছোটদের ঈদ সালামি বা ঈদি দেওয়া একটি সুন্দর সামাজিক রীতি। এর মাধ্যমে ছোটদের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশ পায় এবং ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যায়।
বিত্তবানদের জন্য ঈদের নামাজ আদায়ের আগেই সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটি মূলত রোজার ত্রুটি-বিচ্যুতি থেকে পবিত্র হওয়ার এবং অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করার একটি মাধ্যম। ঈদগাহে যাওয়ার পথে তাকবির পাঠ করা সুন্নত। সম্ভব হলে ঈদগাহে যাওয়ার সময় একটি পথ ব্যবহার করা এবং ফেরার সময় অন্য পথ দিয়ে ফেরা নবীজির সুন্নত। পাশাপাশি ঈদের এই আনন্দের দিনে প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া অত্যন্ত জরুরি।
আনন্দ উদযাপনের মাঝেও পাঁচ ওয়াক্ত নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করা হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা প্রত্যেক মুমিনের দায়িত্ব।
এনএন/ ২১ মার্চ ২০২৬









