জাতীয়

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২০ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার ২০ মার্চ দেওয়া এক বিশেষ বাণীতে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর অন্যতম। মাসব্যাপী সিয়াম সাধনা এবং সংযমের পর এই উৎসব আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির মহান শিক্ষা দেয়। দীর্ঘ এক মাসের এই সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট গভীরভাবে অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও জাগ্রত হয়।

তিনি আরও বলেন, রমজানের এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই হলো ঈদের প্রকৃত তাৎপর্য। ধনী ও গরিব এবং ছোট ও বড়র সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায় পবিত্র ঈদ। এই আনন্দের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক সবার দৃঢ় অঙ্গীকার।

প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত হয়।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language