ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশজুড়ে র্যাবের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

ঢাকা, ১৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশজুড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। জাতীয় ঈদগাহ ময়দান, বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চঘাটসহ জনসমাগমপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ এসব তথ্য জানান।
তিনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোবাইল পেট্রোলিং, চেকপোস্ট কার্যক্রম এবং পায়ে হাঁটা টহল বৃদ্ধি করা হয়েছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে। এছাড়াও সন্ত্রাস ও মাদকবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানি ছড়ানো রোধে সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, এবারের ঈদ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









