মধ্যপ্রাচ্য

সৌদি, আমিরাত ও কাতারের তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের

তেহরান, ১৮ মার্চ – সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের একাধিক গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলার হুমকি দিয়েছে ইরান।

বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক প্রতিবেদনে এই হুঁশিয়ারি দেওয়া হয় এবং সংশ্লিষ্ট এলাকার কর্মীদের অবিলম্বে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্ভাব্য হামলার তালিকায় রয়েছে সৌদি আরবের সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারি।

সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এসব স্থাপনা এখন তাদের সরাসরি এবং বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে। তাই নাগরিক, বাসিন্দা এবং কর্মীদের দ্রুত ওই এলাকাগুলো ত্যাগ করার আহ্বান জানানো হয়।

মূলত ইরানের সাউথ পার্স এবং আসালুয়েহ এলাকায় অবস্থিত তেল স্থাপনায় হামলার পরপরই এমন কড়া হুঁশিয়ারি দিল তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ইরানের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে এই হামলা চালিয়েছে বলে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language