পদ্মা সেতুতে ঈদযাত্রীদের ভিড়, টোল আদায় ছাড়াল ৬ কোটি টাকা

ঢাকা, ১৮ মার্চ – ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ আপন ঠিকানায় ফিরতে শুরু করেছেন। বুধবার ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ দেখা গেছে। সড়কে যানবাহনের ব্যাপক উপস্থিতি থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। যাত্রীরা নির্বিঘ্নে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন জানিয়েছেন, ঈদের ছুটির প্রথম দিন ১৭ মার্চ ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ১৮ মার্চ মধ্যরাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ১৮ হাজার ৬০৩টি যানবাহন সেতু পারাপার করেছে। এই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ১২০টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে এবং সর্বমোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।
ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ ক্রমাগত বাড়ছে বলে জানান তিনি। সারাদিনই এই যান চলাচল আরও বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।
সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সার্বক্ষণিক তদারকিতে থাকায় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনএন/ ১৮ মার্চ ২০২৬









