ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি: আজ মিলছে ২৮ মার্চের টিকিট

ঢাকা, ১৮ মার্চ – পবিত্র ঈদ উদ্যাপন শেষে যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।গত শুক্রবার ১৩ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়।
রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার ১৮ মার্চ যাত্রীরা ২৮ মার্চের টিকিট সংগ্রহ করতে পারছেন। যাত্রীদের সুবিধার্থে এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল আটটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের সূচি অনুযায়ী ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি হবে। এর আগে গত ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত যথাক্রমে ২৩ থেকে ২৭ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।
যাত্রীদের সুবিধার্থে নন এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করার সুযোগ থাকছে।
অগ্রিম টিকিট ক্রয়ের ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। এক্ষেত্রে তিনি সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন এবং কেনা টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএন/ ১৮ মার্চ ২০২৬









