জাতীয়

কুয়েতে জনসমাগম নিষিদ্ধ, বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

ঢাকা, ১৮ মার্চ – যুদ্ধকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে আসন্ন ঈদুল ফিতরে সব ধরনের জনসমাগমমূলক অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কুয়েত সরকার। এই পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত কারণে ঈদের ছুটিতে নাটক, সংগীতানুষ্ঠান, কনসার্ট এবং বিবাহ অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগমমূলক আয়োজন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই প্রেক্ষাপটে কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের আইন ও সময়োপযোগী সিদ্ধান্তগুলো পালনে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করতে বলা হয়েছে।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুয়েত কর্তৃপক্ষের সব নিয়মকানুন মেনে চলা প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি বলে বিজ্ঞপ্তিতে গুরুত্বারোপ করা হয়েছে।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language