দক্ষিণ এশিয়া
কাবুলে পাকিস্তানের বিমান হামলা: মাদকাসক্তদের হাসপাতালে নিহত প্রায় ৪০০

কাবুল, ১৭ মার্চ – আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের চালানো বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন। আফগান তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় লক্ষ্যবস্তু হওয়া হাসপাতালটিতে মূলত মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হতো।
গত সোমবার কাবুলের ওই হাসপাতালে এই ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান। যদিও পাকিস্তানের দাবি তারা কোনো ধরনের বেসামরিক স্থাপনা বা অবকাঠামোতে হামলা চালায়নি।
তালেবান সরকারের উপমুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, মাদকাসক্তদের ওই হাসপাতালে হামলায় প্রায় ৪০০ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২৫০ জন আহত হয়েছেন।
এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছিলেন যে, এই হামলায় ২০০ জন নিহত হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, হামলার সময় হাসপাতালটিতে প্রায় তিন হাজার মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসাধীন ছিলেন।
এনএন/ ১৭ মার্চ ২০২৬









