জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলাদেশ, ১৫ মার্চ – বাংলাদেশের সংবিধানে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

রবিবার ১৫ মার্চ সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই রায়টি লিখেছেন। এর আগে গত ২০ নভেম্বর সর্বোচ্চ আদালত এই রায় প্রদান করেছিল।

উল্লেখ্য যে ১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে।

এর ফলে দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপ ঘটে। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে ২০১১ সালের ওই রায়টি পুনর্বিবেচনার জন্য আপিল আবেদন করা হয়।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত গ্রহণ করে। শুনানি শেষে আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিলের আগের রায়টিকে অবৈধ ঘোষণা করে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করে।

এ এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language