জাতীয়

হামলার আশঙ্কায় হরমুজ প্রণালিতে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

ঢাকা, ১৫ মার্চ – ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক অবস্থান করছেন।

গত বৃহস্পতিবার হরমুজ প্রণালি হয়ে জাহাজটির দেশে ফেরার কথা থাকলেও হামলার আশঙ্কায় এটি আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে এমভি বাংলার জয়যাত্রা যাতে নিরাপদে প্রণালিটি পার হতে পারে সে বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। চিঠিতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইট থেকে জানা যায়, জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে। বিএসসির সূত্রের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিক জানিয়েছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি।

এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে গত ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। ইরানে হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল বাংলার জয়যাত্রার।

তবে সার্বিক নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনা করে জাহাজটিকে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মার্চ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায় জাহাজটি। ঠিক সেই সময়ে প্রণালিতে নিষেধাজ্ঞা আরোপ এবং জাহাজে মিসাইল হামলার খবর ছড়িয়ে পড়লে বাংলার জয়যাত্রা পুনরায় তার আগের অবস্থানে ফিরে যায়।

উল্লেখ্য, এর আগে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওই জাহাজে থাকা প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হয়েছিলেন। সেই তিক্ত অভিজ্ঞতার পর এবার বাংলার জয়যাত্রা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।

এ এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language