সৌদি আরবের আল-খারজ এলাকায় জরুরি সাইরেন সক্রিয়, বাসিন্দাদের সতর্কতা

রিয়াদ, ১৪ মার্চ – জরুরি পরিস্থিতি মোকাবিলায় নতুন সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। রিয়াদ প্রদেশের আল-খারজ এলাকায় আগাম সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে ঘরের ভেতরে অবস্থান করা, দরজা ও জানালা বন্ধ রাখা এবং রেডিও ও টেলিভিশনের মাধ্যমে কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
রাস্তাঘাট, জনসমাগমস্থল এবং বিভিন্ন ভবনে বিশেষ সাইরেনের মাধ্যমে এই সতর্কবার্তা প্রচার করা হয়। সম্প্রতি আল-খারজ এলাকায় বেশ কয়েকটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয় যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। শনিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আল-খারজ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। আঞ্চলিক উত্তেজনার মাঝে উপসাগরীয় দেশগুলো নিয়মিত এ ধরনের হুমকির সম্মুখীন হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা কার্যকরভাবে মোকাবিলা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬









