ঢাকা

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলের

ঢাকা, ১৪ মার্চ – আগামীকাল রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট।

একই সঙ্গে জোটের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে যে বর্তমান বিএনপি সরকার কোনোভাবেই ক্ষমা পাবে না। শনিবার ১৪ মার্চ রাজধানীর মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। হামিদুর রহমান আযাদ বলেন রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ১১ দল।

তিনি আরও অভিযোগ করেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের স্পষ্ট অনীহা ও অনিচ্ছা লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করার জন্য তিনি বিএনপিকে দায়ী করেন।

এছাড়া সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা করে তিনি বলেন এর মাধ্যমে সরকার মূলত আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পাঁয়তারা করছে।

দেশের নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন সাধারণ মানুষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিল। কিন্তু বাস্তবে জনগণের ভোটাধিকারের কোনো প্রতিফলন ঘটেনি এবং এটি মোটেও জনআকাঙ্ক্ষার নির্বাচন ছিল না।

এ এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language