ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি বন্ধ, ডিএমপির কড়া নির্দেশনা

ঢাকা, ১৪ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং যানজট নিরসনে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রার মূল সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারা দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ১৬ মার্চ থেকে ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পথগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হবে। যানজট এড়াতে সাধারণ চালকদের কুড়িল থেকে আব্দুল্লাহপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, মিরপুর রোড থেকে আমিনবাজার এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট রুট এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের বাইরে বা সড়কের ওপর যাত্রী ওঠানো ও নামানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহানগরীর প্রবেশপথে বাস পার্কিং করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করে ডিএমপি জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় বা একই আসনের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাসের ছাদে যাত্রী বহন এবং ফিটনেসবিহীন যানবাহন চালানো থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেপরোয়া গতি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং মোবাইল বা হেডফোন ব্যবহার রোধে সড়কে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের বিশেষ দল মোতায়েন থাকবে। একইসঙ্গে যাত্রীদের নিরাপত্তায় অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং পণ্যবাহী ট্রাকে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। জরুরি প্রয়োজনে যাত্রীদের সরাসরি টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬









