বাগেরহাট

রামপালে দুর্ঘটনায় ১৪ প্রাণহানি: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

বাগেরহাট, ১৩ মার্চ – বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহতের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন বাগেরহাট বিআরটিএর সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং জেলা পুলিশের নবম গ্রেডের সমমর্যাদার একজন কর্মকর্তা। এই কমিটি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, নিহতদের প্রতিটি পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। বর ও কনের দাফনের জন্য ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা দেওয়া হচ্ছে। এছাড়া বিআরটিএর আর্থিক সহায়তা তহবিল থেকেও নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

শুক্রবার জুমার পর মোংলা উপজেলা পরিষদ মাঠে বরের পরিবারের ৯ সদস্যের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। অন্যদিকে কনে ও তার পরিবারের অন্য সদস্যদের দাফন সম্পন্ন হয়েছে কয়রা এলাকায়।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language