জাতীয়

দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১২ মার্চ – সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপরই প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া তার জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন।

তিনি কখনোই স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। তারেক রহমান খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, দল ও মত নির্বিশেষে তিনি দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করছেন। বিএনপির প্রধান লক্ষ্য হলো প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলা। এভাবেই একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে চায় সরকার। এই মহৎ উদ্যোগে তিনি দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি মন্তব্য করেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারও কোনো বিরোধ থাকতে পারে না। এছাড়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তিনি প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language