ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করলেন ইতালির প্রধানমন্ত্রী

রোম, ১১ মার্চ – ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ও ইসরায়েলি কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি এই সংঘাতকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং ক্রমবর্ধমান বিপজ্জনক হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে মেলোনি এই মন্তব্য করেন।
স্পেন ছাড়া ইউরোপের অন্যান্য দেশ সাধারণত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি সমালোচনা থেকে বিরত থাকে। তবে মেলোনি সেই প্রথা ভেঙে তাদের সরাসরি সমালোচনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। কারণ এটি আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ কাঠামোকে ধ্বংস করবে এবং বৈশ্বিক নিরাপত্তায় বিপর্যয় ডেকে আনবে। মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাতের কারণে বিশ্বের জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।
সংসদে আলোচনার সময় মেলোনি এই পরিস্থিতিকে ইউক্রেনে রাশিয়ার হামলার সঙ্গে তুলনা করে বলেন, এর ফলে বৈশ্বিক অস্থিতিশীলতা আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও জানান, উপসাগরীয় অঞ্চলে থাকা হাজার হাজার ইতালীয় নাগরিক এবং প্রায় দুই হাজার সেনার নিরাপত্তার স্বার্থে রোম ওই দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করছে।
এনএন/ ১১ মার্চ ২০২৬









